ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: বিনা ভোটে জয় নিয়ে প্রশ্ন, ভোটের মাঠে নতুন সমীকরণ


Rastrerkotha প্রকাশের সময় : ২৫/০৬/২০২৬, ৯:০৯ অপরাহ্ণ /
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: বিনা ভোটে জয় নিয়ে প্রশ্ন, ভোটের মাঠে নতুন সমীকরণ




ফরিদপুর সংবাদদাতাঃ

আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর ডায়াবেটিক সমিতির বহুল আলোচিত নির্বাচন। প্রায় চার হাজার ভোটারের এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে সমিতির সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক অঙ্গনও। তবে নির্বাচনের আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির চারটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সভাপতি পদে মীর নাসির হোসেন, সহ-সভাপতি পদে অধ্যাপক আব্দুত তাওয়াব, অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান এবং চৌধুরী ফারিয়ান ইউসুফ।

অন্যদিকে, বাকি ১৩টি পদের জন্য ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৬০ জন প্রার্থী মাঠে রয়েছেন। ফলে এসব পদে ভোটারদের আগ্রহ ও প্রতিযোগিতা বেশ তীব্র হয়ে উঠেছে।

নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না হওয়া এবং কিছু পদে সমঝোতার মাধ্যমে প্রার্থী নির্বাচনের ঘটনায় ভোটারদের একাংশের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সমর্থকদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের মূল লড়াই এখন সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদগুলোকে ঘিরেই আবর্তিত হচ্ছে। বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে জোর প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৪ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।