
নিজস্ব সংবাদদাতাঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আস্থা সংস্থার উদ্যোগে “আস্থা কেয়ার” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেংগনমারী বাজারে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রকিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা কেয়ারের ফিল্ড অপারেশনস কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। এসময় আরও উপস্থিত ছিলেন সুইচকন্ট্র্যাক্ট চেয়ারম্যান মোঃ হেলাল হোসেন, কার্নিভাল কেয়ারের চেয়ারম্যান মোঃ ওয়ালিউল ইসলাম, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোঃ মোখলেছুর রহমান, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, “প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘আস্থা কেয়ার’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমি বিশ্বাস করি, আস্থা কেয়ার অল্প সময়ের মধ্যেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।”
তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। আস্থা সংস্থার এ উদ্যোগ স্থানীয় মানুষের জন্য আশার আলো হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আস্থা কেয়ার” এর মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ কম খরচে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :