জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেন লিওনেল মেসি


Rastrerkotha প্রকাশের সময় : ৩১/০৮/২০২৬, ১০:২১ অপরাহ্ণ /
জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেন লিওনেল মেসি




স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান আর্জেন্টাইন কিংবদন্তি।

নিজের বিদায়ী বার্তায় মেসি জানান, বিশ্বকাপ ফাইনালের পর অনেকটা সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে তিনি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

মেসি বলেন, সিদ্ধান্তটি মেনে নেওয়া তার জন্য অত্যন্ত কষ্টের ছিল এবং এখনো তা তাকে কষ্ট দেয়। তবে তিনি মনে করেন, সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়।

জাতীয় দলের জার্সির জন্য শুরু থেকেই নিজের সর্বোচ্চটা দেওয়ার কথা উল্লেখ করে মেসি বলেন, শুধু সাম্প্রতিক বছরগুলোতে দল যখন একের পর এক শিরোপা জিতেছে তখন নয়, বরং শুরু থেকেই তিনি এই জার্সির জন্য লড়াই করেছেন। ফুটবলের মাধ্যমে সমর্থকদের আনন্দ দেওয়া এবং একজন আর্জেন্টাইন হিসেবে তাদের গর্বিত করাই ছিল তার লক্ষ্য।

মেসি বলেন, সময় খুব বেশি বাকি নেই এবং তার ক্যারিয়ারের একের পর এক অধ্যায় শেষ হয়ে আসছে। তবে জাতীয় দলের অধ্যায় শেষ হওয়ার বিষয়টি তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।

তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলতে তিনি ভালোবেসেছেন এবং ভালোবেসে যাবেন। নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, এখন আর দেওয়ার মতো কিছু বাকি নেই। পাশাপাশি অনেক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে, যারা জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ার যোগ্য।

গত ২০ বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানান মেসি। জাতীয় দলের হয়ে খেলার সময় গ্যালারিতে সমর্থকদের গর্জন তিনি খুব মিস করবেন বলেও জানান।

মেসি বলেন, এখন থেকে তিনি সমর্থকদের মতোই বাইরে থেকে আর্জেন্টিনা দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাবেন ভালো সময়ে তো বটেই, খারাপ সময়ে আরও বেশি।

বিদায়ী বার্তায় পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান মেসি। দীর্ঘ ও কঠিন এই যাত্রা থেকে অসংখ্য স্মৃতি ও স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

মেসি বলেন, শান্তিময় মন ও গর্ব নিয়ে তিনি বিদায় নিচ্ছেন। সতীর্থদের সঙ্গে মিলে সমর্থকদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছেন এটাই তার বড় প্রাপ্তি।

বার্তার শেষে মেসি লেখেন, তাকে আর্জেন্টাইন হিসেবে সৃষ্টি করার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। এরপর তিনি আর্জেন্টিনার উদ্দেশে বলেন ‘এগিয়ে যাও, আর্জেন্টিনা।’