
মো. রমজান আলী>>
তিন দিনের উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি নীলফামারী ও লালমনিরহাট অংশের তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন। এ সময় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত তিস্তা নদী ও ব্যারেজসংলগ্ন এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে সফরের পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন তিনি।
মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন বলেন, রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সফরসূচি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সফরসূচি অনুযায়ী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সফর শেষে মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে যাবেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে জাদুঘর, ঐতিহাসিক চিনি মসজিদ ও ক্রিশ্চিয়ান চার্চ পরিদর্শন করবেন।
এদিকে রাষ্ট্রদূতের উত্তরবঙ্গ সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে সফরকালে উত্তরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্প-কারখানা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শনের কথা রয়েছে।
সফরে রাষ্ট্রদূতের সহধর্মিণী, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :