
নীলফামারী সংবাদদাতাঃ
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের চিকিৎসাসেবা, অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা ও রোগীদের খাবারের মান নিয়ে আকস্মিক তদারকি করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
শুক্রবার (২৯ মে) জুমার নামাজের আগে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বপরিদর্শনকালে এমপি লতিফ হাসপাতালের ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও অসঙ্গতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
বিশেষ করে জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স সেবার ধীরগতি, ওয়ার্ডের পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের জন্য মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।
একই সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দায়িত্ব পালন এবং জনবল সংকট সম্পর্কেও খোঁজ নেন সংসদ সদস্য। অনিয়ম বা দায়িত্বে অবহেলার বিষয়ে সতর্ক করে দ্রুত সমাধানের তাগিদ দেন তিনি।
পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে এক জরুরি বৈঠকে মিলিত হন এমপি লতিফ। বৈঠকে তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
তিনি বলেন, “হাসপাতাল হবে মানুষের আস্থার জায়গা। রোগীরা যেন সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পায়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কোনো ধরনের অব্যবস্থাপনা চলতে দেওয়া হবে না।”
সংসদ সদস্য আরও জানান, নীলফামারী সদর হাসপাতালকে আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করতে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং হাসপাতালের আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমপির আকস্মিক পরিদর্শনে রোগী ও স্বজনদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
আপনার মতামত লিখুন :