
নিজস্ব সংবাদদাতাঃ
এদিকে জলঢাকা উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ, জেলা মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক প্রভাষক সাদের হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম এবং অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, নজরুল বর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এসব প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, প্রতিযোগিতায় নজরুলসংগীত, নজরুলের নির্বাচিত কবিতা, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তব্য এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ইউএনও আরও বলেন, জলঢাকা উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগীদের নির্বাচন করে জেলা ও বিভাগীয় পর্যায় শেষে জাতীয় পর্যায়ে পাঠানো হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় জলঢাকা উপজেলার শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে উপজেলার সুনাম বয়ে আনবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং স্থানীয় সংগীতশিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান।
আপনার মতামত লিখুন :