জলঢাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা সভা


Rastrerkotha প্রকাশের সময় : ২৫/০৬/২০২৬, ৮:৫০ অপরাহ্ণ /
জলঢাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা সভা




নিজস্ব সংবাদদাতাঃ

নীলফামারীর জলঢাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাদী হাসান, জলঢাকা থানার এসআই আবু বক্কর, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান এবং ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি হেমতাজুল ইসলাম।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য, গুরুত্ব ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। একই সঙ্গে ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার, প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং নির্ধারিত বয়সী শিশুদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

বক্তারা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত ঝুঁকি হ্রাস এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত দিনে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

সভায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।