
বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ
পঞ্চগড় সদর উপজেলার ২০ নম্বর শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
নূর ও নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সার্বিক সহযোগিতায় সকাল থেকেই ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। এতে মেডিসিন, হৃদরোগ, অর্থোপেডিক্স, চর্ম ও যৌন রোগ, প্রসূতি ও স্ত্রী রোগ এবং মুখ ও দন্ত চিকিৎসাসহ বিভিন্ন শাখার মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা মোছা জুলেখা বেগম জানান, তিনি দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছেন। অর্থনৈতিক সংকটের কারণে বড় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয়নি। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন।
এছাড়া আরও কয়েকজন রোগী জানান, স্বল্প সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। তারা নিয়মিত এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় সাত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :