জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Rastrerkotha প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫, ৮:৪২ পূর্বাহ্ণ /
জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
57
অনলাইন ডেস্কঃ
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বড় পরিসরের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে দেশের ৪৭ হাজার ভোটকেন্দ্রেই বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনকালীন সময়ে সারা দেশে আনুমানিক ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এ বাহিনীর মধ্যে থাকবে পুলিশ, আনসার, বিজিবি, কোস্ট গার্ড এবং সশস্ত্র বাহিনী।” সব বাহিনীকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানান।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে একটি করে বডি-ওর্ন ক্যামেরা সরবরাহের চেষ্টা করা হচ্ছে। পুলিশের মধ্যে যিনি সিনিয়র থাকবেন, তার কাছেই ক্যামেরাটি থাকবে।”

তিনি আরও বলেন, “প্রিজাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থেকে সরাসরি ভোটকেন্দ্রে অবস্থান করেন, সে ব্যবস্থা করা হবে। কেন্দ্রেই তাদের থাকার ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং নিরাপত্তায় থাকবেন আনসার ও পুলিশ সদস্যরা।”

নির্বাচনের সঙ্গে যুক্ত সব বাহিনীকে প্রশিক্ষণের পাশাপাশি মহড়ার ব্যবস্থাও করা হবে বলে জানান উপদেষ্টা। নির্বাচন কমিশনও পোলিং ও প্রিজাইডিং অফিসারদের আলাদাভাবে প্রশিক্ষণ দেবে।

পুলিশের ৭৬ কর্মকর্তাকে সংযুক্তিতে বদলির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এটা রুটিন কার্যক্রম। এটি সব সময়ই চলমান থাকে।”

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো: খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনিসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: ইউএনবি