থানায় অভিযোগ করায় তিন বোনকে নির্যাতন ও তালাবদ্ধ করল চাচা-চাচাতো ভাইরা


Rastrerkotha প্রকাশের সময় : ২৫/১১/২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ /
থানায় অভিযোগ করায় তিন বোনকে নির্যাতন ও তালাবদ্ধ করল চাচা-চাচাতো ভাইরা
279

জাহিদ হাসান, স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর জলঢাকায় পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ দাবি করে থানায় অভিযোগ করায় তিন এতিম বোন ও তাদের বোন জামাইকে নির্মমভাবে মারধর এবং পরে জোরপূর্বক ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রভাবশালী চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। পুলিশের দ্রুত হস্তক্ষেপে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে ধর্মপাল ও গোলনা ইউনিয়নের সোলেমানের চৌপতি এলাকায়।

আহত রূপিয়া বেগম জানান, বাবা জহর উদ্দীনের মৃত্যুর পর তারা অপ্রাপ্তবয়স্ক থাকায় তাদের চাচারা জোরপূর্বক পৈতৃক সম্পত্তি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি তারা ভাইবোনেরা জমির অংশ নিশ্চিত করতে সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপের উদ্যোগ নিলে চাচা ও চাচাতো ভাইদের বাধার মুখে পড়েন এবং প্রাণনাশের হুমকিও পান।

নিরুপায় হয়ে দুই দিন আগে নিরাপত্তা চেয়ে জলঢাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিন বোন। অভিযোগ করায় ক্ষুব্ধ হয়ে চাচা দুলাল হোসেন (৬০), বেলাল হোসেন (৫৫), বেলায়েত হোসেন (৫০) এবং দুলালের ছেলে মামুন (৩৫), মাসুম (৩২), মাসুদ (২৮) সহ ১০–১৫ জন লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

২৪ নভেম্বর বিকেলে রাস্তায় তিন বোন ও বোন জামাইকে আটকিয়ে বেধড়ক প্রহার করা হয়। পরে আহতদের টেনে-হেঁচড়ে চাচার বাড়ির একটি ঘরে নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে এবং জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন, রূপিয়া বেগম (৪০) মারুফা বেগম (৫৫) জহুরা বেগম (৩৫) তাদের বোন জামাই আলমগীর হোসেন (৪৮)

রূপিয়া বেগম হামলাকারী প্রভাবশালী চাচা ও চাচাতো ভাইদের দ্রুত গ্রেফতার ও কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া হামলাকারীদের বিরুদ্ধে স্থানীয় নুরুজ্জামানের ২০ শতাংশ জমি জবরদখলের অভিযোগও উঠেছে।