রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/০৫/২০২৬, ৭:৫১ অপরাহ্ণ /
রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
18

আবুল হাশেম, রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহী নগরীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও বোমা বর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সাধারণ শ্রমিকরা। শুক্রবার সকালে নগরীর শিরোইল এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনাল-এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী সাধারণ শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন বলে দাবি করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, ঘটনায় মামলা হলেও এখনো অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ পরিস্থিতিতে তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন থেকে শ্রমিক নেতারা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে রফিকুল ইসলাম পাখিকে অবিলম্বে শ্রমিক ইউনিয়নের সংশ্লিষ্ট পদ থেকে অব্যাহতি দেওয়া, হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা এবং কর্মস্থলে সাধারণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ।

কর্মসূচিতে কয়েকশ শ্রমিক অংশ নেন। তারা ব্যানার ও ফেস্টুন হাতে দীর্ঘ সময় অবস্থান করেন। এ সময় “দুনিয়ার মজদুর এক হও”, “সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” এবং “দখলবাজদের আস্তানা থাকবে না এই বাংলায়” এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরিবহন খাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।