
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
ইসি সূত্র জানায়, আগামী অক্টোবর মাসের মাঝামাঝি থেকে প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হবে। পৃথিবীর যেকোনো দেশে অবস্থানরত যেসব প্রবাসীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে, তারা নির্ধারিত অ্যাপস ডাউনলোড করে মোবাইলের মাধ্যমে সহজেই ভোটার নিবন্ধন করতে পারবেন।
ইসি কর্মকর্তারা ধারণা করছেন, এনআইডি-ধারী অন্তত ৭০ শতাংশ প্রবাসী ভোটার নিবন্ধন করতে পারেন। এতে এবারের নির্বাচনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা করছে কমিশন।
প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে, যদিও সেটির ট্রায়াল এখনো বাকি। নিবন্ধন প্রক্রিয়া দুইভাবে হতে পারে—বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সরাসরি অথবা অঞ্চলভিত্তিক (এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, নর্থ আমেরিকা ইত্যাদি)। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “আউট অব কান্ট্রি ভোটিংয়ের জন্য আমরা দুটি প্ল্যাটফর্ম তৈরি করছি। একদিকে প্রবাসী বাংলাদেশিরা যাদের এনআইডি রয়েছে তারা নিবন্ধন করবেন। অন্যদিকে দেশের অভ্যন্তরে যারা নির্বাচন কাজে যুক্ত বা আইনি হেফাজতে আছেন তাদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেম চালু হবে। এ বিষয়ে অ্যাপ তৈরির কাজ চলছে এবং কারিগরি বিষয়গুলো স্পষ্ট হওয়ার পর বিস্তারিত জানানো হবে।”
ইসি সচিব আরও বলেন, “প্রবাসী বাংলাদেশিরা এবার নির্বাচনে ভোট দিতে পারবেন। এজন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে এবং আমরা নিয়মিতভাবে সবাইকে এ বিষয়ে অবহিত করব।”
আপনার মতামত লিখুন :