রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর ২৫% অতিরিক্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প


Rastrerkotha প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫, ৯:০১ পূর্বাহ্ণ /
রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর ২৫% অতিরিক্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প
অনলাইন ডেস্কঃ

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর আরও ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতের পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বুধবার (৬ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসের নির্বাহী আদেশে এই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত জানানো হয়েছে, যা তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে। এর পাশাপাশি আগামী বৃহস্পতিবার থেকে আরও ২৫ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে, যা পূর্বেই নির্ধারিত ছিল।

নির্বাহী আদেশে বলা হয়েছে—“যেসব দেশ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে রুশ ফেডারেশনের তেল আমদানি করছে, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে।”

তবে স্টিল, অ্যালুমিনিয়াম এবং ওষুধজাত পণ্য—যেগুলো মার্কিন বাজারে গুরুত্বপূর্ণ ও সম্ভাব্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেগুলোর ক্ষেত্রে শুল্ক ছাড় বহাল থাকবে।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিষয়ে কড়া অবস্থান নিয়ে আসছেন ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন, যদি মস্কো শান্তিচুক্তির পথে না আসে, তবে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ প্রেক্ষাপটে ভারতের ওপর চাপ বাড়ানো শুরু করেছেন ট্রাম্প প্রশাসন।

এমন এক সময়েই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বুধবার মস্কো সফর করেছেন, এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে দিল্লি সফরে রয়েছেন—যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের চাপকে আগেই “অযৌক্তিক ও অবিচারপূর্ণ” বলে আখ্যা দিয়ে জানিয়েছে— “ভারত নিজের জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তার ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করবে।”