সংসদ নির্বাচন নিয়ে মাঠপর্যায়ের মতবিনিময়ে রংপুর সফরে যাচ্ছেন সিইসি


Rastrerkotha প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫, ৮:১৬ পূর্বাহ্ণ /
সংসদ নির্বাচন নিয়ে মাঠপর্যায়ের মতবিনিময়ে রংপুর সফরে যাচ্ছেন সিইসি

রাষ্ট্রের কথা ডেস্কঃ  
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে রংপুর সফর করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। তিনি আগামী ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত রংপুরে অবস্থান করবেন।

সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮ আগস্ট শুক্রবার বেলা সোয়া ১২টায় সিইসি রংপুর সার্কিট হাউজে পৌঁছাবেন এবং জুমার নামাজ আদায় ও অবস্থান করবেন।

৯ আগস্ট শনিবার সকাল ১০টায়, রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের রংপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিকেল সাড়ে ৩টায়, রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন সিইসি। এতে উপস্থিত থাকবেন—বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিজিবি, আনসার ও ভিডিপি, র‌্যাব-১৩, ডিজিএফআই ও এনএসআই-এর প্রতিনিধিরা, রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এই সভায় আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ১০ আগস্ট রোববার সকাল সাড়ে ৯টায় তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।