‘সবার আগে বাংলাদেশ’ থেকে সরে গেছে বিএনপি: ওবায়দুল্লাহ সালাফী এমপি


Rastrerkotha প্রকাশের সময় : ২০/০৪/২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ /
‘সবার আগে বাংলাদেশ’ থেকে সরে গেছে বিএনপি: ওবায়দুল্লাহ সালাফী এমপি
61

নিজস্ব সংবাদদাতাঃ

বিএনপি তাদের ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে অভিযোগ করেছেন নীলফামারী-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী।

তিনি বলেন, জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হচ্ছে না, বরং বিভিন্ন ক্ষেত্রে দলীয় প্রাধান্যই স্পষ্ট হয়ে উঠছে।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাফী অভিযোগ করে বলেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ থেকে শুরু করে সাধারণ সেবা প্রাপ্তির ক্ষেত্রেও দলীয় প্রভাব দেখা যাচ্ছে।

তার দাবি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন পদে নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। এমনকি তার নিজ এলাকায় পেট্রোল পাম্পে জ্বালানি নিতে গেলেও বিএনপি নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিএনপি আগে বলেছিল ‘সবার আগে বাংলাদেশ’। কিন্তু এখন জনগণের মুখে শোনা যাচ্ছে ভিন্ন স্লোগান ‘সবার আগে বিএনপির নেতাকর্মীরা’। এই পরিবর্তন জনগণের মধ্যে হতাশা তৈরি করছে।