মেহেরপুরের মুজিবনগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত ডাকাত আটক


Rastrerkotha প্রকাশের সময় : ১৬/০৮/২০২৫, ৪:২৬ অপরাহ্ণ /
মেহেরপুরের মুজিবনগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত ডাকাত আটক
57

মেহেরপুর জেলা প্রতিনিধি :

মেহেরপুরের মুজিবনগরে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত ইমান আলী ওরফে ঈমান ডাকাতকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার শিবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে মেইড ইন ইউএসএ ৭.৬২ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়। ইমান আলী ওই গ্রামের মৃত আমির মন্ডলের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল তাকে। অবশেষে গত রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, নাশকতাসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানাও ছিল। নতুন করে অস্ত্র আইনে আরেকটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।