ভোটাধিকার ফিরিয়ে দিতে ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা


Rastrerkotha প্রকাশের সময় : ২৩/১২/২০২৫, ১:২২ পূর্বাহ্ণ /
ভোটাধিকার ফিরিয়ে দিতে ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা
81

রাষ্ট্রের কথা ডেস্কঃ

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, স্বৈরাচারী শাসনামলে যে ভোটাধিকার দেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী এক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ফোনালাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয় উঠে আসে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। অন্তর্বর্তী সরকার সেই অধিকার ফিরিয়ে দিতে চায় এবং সে লক্ষ্যেই নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আলোচনায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান। তিনি জানান, এসব আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

এ সময় সার্জিও গোর শহীদ শরীফ ওসমান হাদির বৃহৎ জানাজার বিষয়টিও উল্লেখ করেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতারা সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। আমরা চাই একটি স্মরণীয়, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে।’

ফোনালাপের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।