নীলফামারীতে রেফারিকে লাঞ্ছিত: শিপন অবাঞ্ছিত, উত্তম তিন মাসের জন্য নিষিদ্ধ


Rastrerkotha প্রকাশের সময় : ০২/১১/২০২৫, ৫:৪১ পূর্বাহ্ণ /
নীলফামারীতে রেফারিকে লাঞ্ছিত: শিপন অবাঞ্ছিত, উত্তম তিন মাসের জন্য নিষিদ্ধ
112

নীলফামারী সংবাদদাতা:

নীলফামারীর কিশোরগঞ্জে ফাইনাল খেলায় রেফারিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় সিনিয়র খেলোয়াড় শফিকুল ইসলাম শিপনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন। একই ঘটনায় খেলোয়াড় উত্তম রায়কে তিন মাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত (৩১ অক্টোবর) তারিখে উপজেলার বেলতলী পানিয়ালপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রেফারী টি আই সামির এর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলোয়াড় শফিকুল ইসলাম শিপন মাঠে উত্তেজনা সৃষ্টি করেন। পরবর্তীতে তিনি রেফারীর ওপর শারীরিকভাবে হামলা চালালে খেলার পরিবেশ নষ্ট হয় এবং শেষ পর্যন্ত ম্যাচটি পণ্ড হয়ে যায়।

এই ঘটনাকে ঘৃণিত ও খেলাধুলার চেতনার পরিপন্থী উল্লেখ করে নীলফামারী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, “রেফারির প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই শফিকুল ইসলাম শিপনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং উত্তম রায়কে তার অপরাধের জন্য তিন মাসের জন্য নিষিদ্ধ করার আহ্বান জানানো হচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “যে মাঠে উক্ত দুই খেলোয়াড় খেলবেন, নীলফামারীর কোনো রেফারী সেই মাঠে খেলা পরিচালনা করবেন না।”

সংগঠনের সাধারণ সম্পাদক ভুবন মোহন তরফদার স্বাক্ষরিত এ বিবৃতিতে ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।