
স্নিগ্ধা খন্দকার- স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, দেশের প্রতিটি জেলায় ক্রীড়া সংস্থার পাশাপাশি পৃথকভাবে ‘জেলা ক্রিকেট সংস্থা’ গঠন করা হবে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রীড়া সংগঠক ও ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ আকবর জানান, খুব শিগগিরই প্রতিটি জেলায় ক্রিকেট লীগ চালু করা হবে। তিনি বলেন, ক্রীড়া অধিদপ্তরের সরঞ্জাম সব সময় খেলার উপযোগী নয় এ বিষয়ে নতুন পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এবার প্রথমবারের মতো মাদ্রাসার শিক্ষার্থীদেরও এজ গ্রুপ ক্রিকেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টকে নতুন কাঠামোয় আনা হয়েছে এবং স্কুল ক্রিকেটারদের জন্য ডাটাবেজ তৈরি করা হচ্ছে। দেশের তরুণ প্রজন্মের সামাজিক সংকট উল্লেখ করে আসিফ আকবর বলেন, শিশুদের ক্লাস ফোর থেকে খেলাধুলায় যুক্ত করতে চাই এবং মেয়েদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে বিসিবির পরিচালক হাসানুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্ষুদে ক্রিকেটার, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :