
অনলাইন ডেস্ক:
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান। নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরাও অংশ নেবেন।
জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।
বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পূর্ববর্তী পাঁচটি বৈঠকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, দ্রুতই এই বিশ্লেষণের ভিত্তিতে বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :