ওসমান হাদির ওপর হামলায় প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ, ফোনে পরিবারকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস


Rastrerkotha প্রকাশের সময় : ১২/১২/২০২৫, ১০:৪২ অপরাহ্ণ /
ওসমান হাদির ওপর হামলায় প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ, ফোনে পরিবারকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস
60

নিজস্ব সংবাদদাতাঃ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টায় তিনি হাদির বড় ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং পুরো ঘটনার খোঁজখবর নেন।

ফোনালাপে প্রধান উপদেষ্টা জানান, হামলার খবর পাওয়ার পরপরই তিনি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। বৈঠক থেকে হামলাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রফেসর ইউনূস বলেন, “ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। প্রয়োজনে দেশের বাইরে যেখানে দরকার হবে সেখানেও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, “হাদি আমাদের অত্যন্ত আপন মানুষ। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।”

হামলার ঘটনার পর থেকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সমর্থকরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।