উত্তরায় বিমান বিধ্বস্ত: প্রশিক্ষণ বিমানে আগুন, আহত বেশ কয়েকজন


Rastrerkotha প্রকাশের সময় : ২১/০৭/২০২৫, ৩:১৩ অপরাহ্ণ /
উত্তরায় বিমান বিধ্বস্ত: প্রশিক্ষণ বিমানে আগুন, আহত বেশ কয়েকজন

রাষ্ট্রের কথা ডেস্কঃ রাজধানীর উত্তরা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী ক্যাম্পাস এলাকায় ঘটে এই দুর্ঘটনা। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI (701) মডেলের বলে জানা গেছে।

বিধ্বস্তের সাথে সাথেই বিমানে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছুটে আসে ঘটনাস্থলে। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিমানে আরও কেউ ছিলেন কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত কেউ নিহত হয়েছেন কিনা, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার পর উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এখনও উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।