আবারও বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার রোনাল্ডো


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/১০/২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ /
আবারও বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার রোনাল্ডো
81

ক্রীড়া ডেস্কঃ

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারদের তালিকায় আবারও শীর্ষে জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ফোর্বস প্রকাশিত ২০২৫–২৬ মৌসুমের সর্বোচ্চ আয়ের ফুটবলারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি, আর সর্বকনিষ্ঠ হিসেবে টপ-টেনে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল।

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, মাঠের আয় (বেতন, বোনাস, ক্লাবভিত্তিক ইমেজ রাইটস) এবং মাঠের বাইরের আয়ের (বিজ্ঞাপন, ব্র্যান্ড চুক্তি ইত্যাদি) সমন্বয়ে এই তালিকা তৈরি করা হয়েছে।

৪০ বছর বয়সেও রোনাল্ডো মাঠের আয় ও জনপ্রিয়তায় সবার শীর্ষে। আল নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি থেকে তার আয় হবে প্রায় ২৮০ মিলিয়ন ডলার। এর মধ্যে মাঠে আয় ২৩০ মিলিয়ন ডলার, আর মাঠের বাইরে আয় ৫০ মিলিয়ন ডলার। গত এক দশকে ষষ্ঠবারের মতো ফোর্বসের শীর্ষস্থান দখল করলেন এই পর্তুগিজ তারকা।

মেসি যদিও অনেকটা পিছিয়ে, তবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ইন্টার মায়ামির এই তারকার মোট আয় ১৩০ মিলিয়ন ডলার, যার মধ্যে মাঠের আয় ৬০ মিলিয়ন এবং মাঠের বাইরে ৭০ মিলিয়ন ডলার।

তৃতীয় স্থানে আছেন সৌদি ক্লাব আল-ইত্তিহাদের করিম বেনজেমা। তার আয় ১০৪ মিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে (৯৫ মিলিয়ন) এবং পঞ্চম স্থানে আর্লিং হালান্ড (৮০ মিলিয়ন)।

প্রিমিয়ার লিগ থেকে তালিকায় আরও জায়গা করে নিয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। তার আয় ৫৫ মিলিয়ন ডলার, যা তাকে সপ্তম স্থানে রেখেছে।

লা লিগার তরুণ সেনসেশন লামিন ইয়ামাল ফোর্বসের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন। বার্সেলোনার সঙ্গে ১০ বছরের চুক্তি করা এই তারকার বার্ষিক আয় ৪৩ মিলিয়ন ডলার, যা তাকে দশম স্থানে তুলেছে।

ফোর্বসের ২০২৫ সালের সর্বোচ্চ আয়ের ফুটবলারের তালিকা

১. ক্রিস্টিয়ানো রোনাল্ডো – ২৮০ মিলিয়ন ডলার
২. লিওনেল মেসি – ১৩০ মিলিয়ন ডলার
৩. করিম বেনজেমা – ১০৪ মিলিয়ন ডলার
৪. কিলিয়ান এমবাপ্পে – ৯৫ মিলিয়ন ডলার
৫. আর্লিং হালান্ড – ৮০ মিলিয়ন ডলার
৬. ভিনিসিয়াস জুনিয়র – ৬০ মিলিয়ন ডলার
৭. মোহাম্মদ সালাহ – ৫৫ মিলিয়ন ডলার
৮. সাদিও মানে – ৫৪ মিলিয়ন ডলার
৯. জুড বেলিংহাম – ৪৪ মিলিয়ন ডলার
১০. লামিন ইয়ামাল – ৪৩ মিলিয়ন ডলার

সব মিলিয়ে শীর্ষ দশ খেলোয়াড়ের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৪৫ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৪ শতাংশ কম।