শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, আট ফ্লাইট চট্টগ্রামে


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/১০/২০২৫, ৬:০২ অপরাহ্ণ /
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, আট ফ্লাইট চট্টগ্রামে

নিজস্ব সংবাদদাতা:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর থেকে পাঠানো এক সরকারি বার্তায় জানানো হয়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এয়ারফিল্ড বন্ধ রাখা হয়েছে। আগুনের কারণে এখন পর্যন্ত মোট আটটি ফ্লাইট বিকল্পভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, এয়ার এরাবিয়া, বাটিক এয়ার, ইন্ডিগো ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট রয়েছে। এছাড়া দিল্লি থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ এবং মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট বর্তমানে ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ অবস্থায় রয়েছে। হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিকের বিমানটি আকাশে চক্কর দিচ্ছে।

এদিকে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট নিরাপত্তাজনিত কারণে বিকল্প রুটে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ব্যাংকক, দিল্লি ও শারজাহ থেকে আসা একাধিক ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ধাপে ধাপে বিমান চলাচল স্বাভাবিক করা হবে। কার্গো ভিলেজের আগুন যাতে যাত্রী টার্মিনালে না ছড়ায়, সে বিষয়ে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর নিরাপত্তা ইউনিট একযোগে কাজ করছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, “কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগলেও যাত্রী টার্মিনাল নিরাপদ রয়েছে। যাত্রীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। বিকল্পভাবে বিমানবন্দর কার্যক্রম সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে।”

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলে বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।