
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ৬ জন রোহিঙ্গাকে পুশইন করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ তেলিখালী বিওপির দায়িত্বপূর্ণ রঙ্গনপাড়া সীমান্তের ১১১৯/এমপি পিলার দিয়ে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ২২ বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্পের সদস্যরা ১ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ৬ জন নিবন্ধিত রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইন করে।
খবর পেয়ে বিজিবি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের আটক করে। বর্তমানে তারা হালুয়াঘাট থানার পুলিশের হেফাজতে রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানান, তারা পূর্বে কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে বসবাস করতেন। পরবর্তীতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ইটভাটা, কৃষিকাজ ও গৃহস্থালির শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে রোহিঙ্গা বিরোধী ধরপাকড় অভিযানে তারা আটক হন এবং পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।
উখিয়া কুতুপালং ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (৯ অক্টোবর) তাদের কুতুপালং ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।”
আপনার মতামত লিখুন :