মোহনগঞ্জ পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার ১


Rastrerkotha প্রকাশের সময় : ০৫/১০/২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ /
মোহনগঞ্জ পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার ১
22

নেত্রকোণা সংবাদদাতা:

নেত্রকোণার মোহনগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনায় আরিফ চৌধুরী অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে পৌর শহরের উত্তর দৌলতপুর এলাকার ব্যাংকার্স মোড় থেকে তাকে আটক করা হয়। পরদিন রোববার (৫ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয় তাকে।

গ্রেপ্তারকৃত অন্তর উপজেলার বাহাম গ্রামের রেহেন মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত বুধবার (২ অক্টোবর) রাত দেড়টার দিকে খুরশিমূল গ্রামের একটি পূজামণ্ডপে অন্তরসহ ১৫-১৬ জন যুবক সাউন্ডবক্সে গান বাজাতে বলে এবং নাচানাচি শুরু করে। গভীর রাতে শব্দ বন্ধ করতে বললে তারা পূজার আয়োজকদের ওপর হামলা চালায়, এতে অন্তত আটজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন আহত অমিত চন্দ্র দাস বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, হামলার রাতে ঘটনাস্থল থেকে একটি নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয় এবং পূজামণ্ডপের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অন্তরকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।