
জয়পুরহাট সংবাদদাতা:
নওগাঁর বদলগাছিতে সেনা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৪ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিট থেকে শনিবার (৫ অক্টোবর) রাত ১টা পর্যন্ত পরিচালিত এ বিশেষ অভিযানে ৫৮৯ পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকার বেশি উদ্ধার করা হয়।
১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মেজর ওয়াজেদ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ও নওগাঁ জেলার সীমান্তবর্তী জগদীশপুর ইউনিয়নের একটি আস্তানায় তল্লাশি চালিয়ে ওই দম্পতিকে হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন নওগাঁ জেলার জামালগঞ্জ এলাকার আবু বক্করের ছেলে ফারুক হোসেন (৫১) এবং তার স্ত্রী জয়পুরহাট সদর উপজেলার নারায়ণপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে স্মৃতি আখতার রুমি (৪৪)।
অভিযান শেষে সেনাবাহিনী তাদের কাছ থেকে ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট (বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা) ও মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা জব্দ করে।
উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বদলগাছি থানার এসআই মোমিনের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :