
ক্রীড়া ডেস্ক:
এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ওঠার পর আবারও সেই আফগানদের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।
আজ শুক্রবার (৩ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) চ্যালেঞ্জিং ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষদিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে ফিফটি করেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। তবে ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারানোয় একপর্যায়ে দুশ্চিন্তায় পড়ে দল।
ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলী বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে এমন হতেই পারে। আফগানিস্তানও ভালো দল। তবে ছেলেদের প্রচেষ্টায় আমি খুশি। ব্যাটিং-বোলিং উভয় বিভাগে আমাদের আরও উন্নতির সুযোগ আছে। আজকের জয় আত্মবিশ্বাস বাড়াবে। আমরা চাই আজকের ম্যাচেই সিরিজ জিতে নিতে।”
টানা দুই দিনে প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। জয় পেলে সিরিজ নিশ্চিত হবে, অন্যদিকে আফগানিস্তানও সমতায় ফিরতে মরিয়া হয়ে নামবে মাঠে।
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ।
আপনার মতামত লিখুন :