
নিজস্ব সংবাদদাতাঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হবে।
বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, প্রতিনিধি দলে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
২৩ সেপ্টেম্বর শুরু হবে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রতিনিধি দল জাতিসংঘ মহাসচিব, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টসহ ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, ইতালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কসোভো, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে বৈঠক করবে।
২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া, নির্বাচন আয়োজন এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
এবারের অধিবেশনে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ‘হাই-লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিম এন্ড আদার মাইনরিটিজ ইন মায়ানমার’ শীর্ষক বিশেষ সভা। এটি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রথমবারের মতো আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠক।
প্রধান উপদেষ্টার সফরকে বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “এবারের অধিবেশনে জাতিসংঘের সব অগ্রাধিকার ইস্যু বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। প্রতিনিধি দলের অংশগ্রহণ আন্তর্জাতিক সহযোগিতাকে সুদৃঢ় করবে এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে।”
আপনার মতামত লিখুন :