ফেব্রুয়ারির আগেই নির্বাচন আয়োজনের নির্দেশ: নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি


Rastrerkotha প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫, ৮:০৪ পূর্বাহ্ণ /
ফেব্রুয়ারির আগেই নির্বাচন আয়োজনের নির্দেশ: নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

রাষ্ট্রের কথা ডেস্কঃ  

২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে এ অনুরোধ জানান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

চিঠির মাধ্যমে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গত ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’-এ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রস্তুতি শুরুর আহ্বান জানান। সেই ঘোষণার আলোকে এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিগত ১৫ বছরে নাগরিকদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন এক মহা-আনন্দের জাতীয় উৎসবে পরিণত হয়—সেই লক্ষ্যেই প্রস্তুতির উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি তাঁর ভাষণে নির্বাচনকে আনন্দ-উৎসব, শান্তিপূর্ণ পরিবেশ, ব্যাপক ভোটার উপস্থিতি ও আন্তরিক সৌহার্দ্যের প্রতিফলন হিসেবে স্মরণীয় করে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়া, নির্বাচনে প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং অংশগ্রহণমূলক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও চিঠিতে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা হয়।