প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী


Rastrerkotha প্রকাশের সময় : ১৪/০৩/২০২৬, ৩:৫১ অপরাহ্ণ /
প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী
30

আবুল হাশেম, রাজশাহী সংবাদদাতাঃ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশজুড়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৪ মার্চ থেকে প্রতি শনিবার সারা দেশে ‘ক্লিনলিনেস ড্রাইভ’ পরিচালিত হবে। 

শনিবার সকালে রাজশাহী জেলার পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ির আঙিনা, ড্রেন, খাল-বিল ও জলাধার নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এ ধরনের কর্মসূচিতে জাঁকজমকপূর্ণ আয়োজন, স্টেজ বা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই; বরং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ জরুরি।

অনুষ্ঠানে শফিকুল হক মিলন বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে নদী-নালা পরিষ্কার রাখা এখন সময়ের দাবি। ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননক্ষেত্র যেন তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে এই কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। এতে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বুধবার এক ভিডিওবার্তায় তারেক রহমান ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়েছে।