নির্বাচনকে সামনে রেখে জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার


Rastrerkotha প্রকাশের সময় : ১৬/১১/২০২৫, ৪:২৮ পূর্বাহ্ণ /
নির্বাচনকে সামনে রেখে জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার
54

নিজস্ব সংবাদদাতা:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে। সংলাপ অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এর সভাপতিত্বে।

ইসি সচিবলায়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

অপর দিকে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

ইসি’র কর্মকর্তারা জানিয়েছেন, সংলাপে আলোচ্যসূচিতে থাকছে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয়, আচরণবিধি প্রতিপালন, প্রার্থীদের সঙ্গে রিটার্নিং অফিসারের অঙ্গীকারনামা, নির্বাচনী এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা, মিসইনফর্মেশন ও ডিসইনফর্মেশন প্রতিরোধ, নির্বাচনে এআই’র অপব্যবহার নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে বৈষম্য না করা এবং ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা।

এর আগে, সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছিল।