
ক্রীড়া ডেস্ক:
সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে থাকা ব্রাজিল আবারো মাঠে প্রমাণ করল তারা বদলে যাওয়া এক দল। এমিরেটস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শক্তি–সামর্থ্যের স্পষ্ট পরিচয় দিয়েছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঢেউ তোলে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, এস্তেভাওরা। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি হলেও কিছু শট বাইরে চলে যায়, আর কিছু প্রতিরোধ করেন সেনেগালের গোলকিপার। তবে ২৮ মিনিটে কাসেমিরোর পাস থেকে দারুণ এক শটে দলকে এগিয়ে দেন চেলসি উইঙ্গার এস্তেভাও।
এর মাত্র সাত মিনিট পর রদ্রিগোর ফ্রি-কিকে বল পেয়ে অসাধারণ এক বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। ব্রাজিলের আক্রমণে তটস্থ থাকা সেনেগাল গোলমুখে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। পুরো ম্যাচে ৪৮ শতাংশ বল দখলে রেখেও গোলমুখে প্রতিপক্ষের তুলনায় অনেক বেশি দাপট দেখায় সেলেসাওরা ১৪ শটে ৬টি ছিল লক্ষ্যে।
এই জয়ে সেনেগালের টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড থেমে গেল। একই সঙ্গে ২০২৩ সালের ৪-২ গোলের হার এবং ২০১৯ সালের ১-১ ড্র-এর প্রতিশোধও নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে কোনো দলই তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ৫১ মিনিটে এডারসনের ভুলে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেলেও শট নিতে ব্যর্থ হন সেনেগালের ইলিম্যান নদিয়ে।
দারুণ এই জয়ের পর ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
আপনার মতামত লিখুন :