
ক্রীড়া ডেস্কঃ
তাওহিদ হৃদয়ের অর্ধশতক ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের লড়াকু ব্যাটিংয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় টাইগাররা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন হৃদয়। অভিষেক ম্যাচে ৪৬ রানের ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া শান্ত ৩২ ও রিশাদ হোসেন ঝড়ো ব্যাটিংয়ে ১৩ বলে করেন ২৬ রান।
ইনিংসের শুরুটা ছিল ব্যর্থতার। দলীয় ৮ রানের মাথায় দুই ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪) সাজঘরে ফেরেন। এরপর চাপ সামলে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলকে দাঁড় করান। শান্ত ৩২ রানে বিদায় নিলেও দায়িত্ব নেন হৃদয়। ৯০ বলে ৫১ রান করেন তিনি।
হৃদয়ের পর ব্যাট হাতে জ্বলে ওঠেন মাহিদুল ইসলাম অঙ্কন। প্রায় অর্ধশতক পূর্ণ করতে গিয়েও ৪৬ রানে আউট হন তিনি। শেষ দিকে রিশাদের ঝড়ো ব্যাটিংয়ে ২শ রানের ঘরে পৌঁছে যায় বাংলাদেশ। তবে ২শ থেকে মাত্র ২ রান দূরে থাকতে রিশাদ (২৬) ও তাসকিন (০) ফেরেন।
শেষ উইকেটে মুস্তাফিজ ও তানভীর ইসলাম ৯ রান যোগ করে ২০৭ রানে ইনিংস শেষ হয়।
ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে জেইডেন সিলেস ৪৮ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। চেজ ও গ্রেভস নেন ২টি করে উইকেট।
এখন সিরিজের প্রথম ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২০৮ রান।
আপনার মতামত লিখুন :