বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন মেসি, ‘তোমাকে ছাড়া কীভাবে সামনে এগোবো জানি না’


Rastrerkotha প্রকাশের সময় : ১৩/০৮/২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ /
বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন মেসি, ‘তোমাকে ছাড়া কীভাবে সামনে এগোবো জানি না’




আন্তর্জাতিক ডেস্ক:

বাবাকে হারানোর শোক যেন কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে মারা গেছেন তাঁর বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ আবেগঘন বার্তায় শৈশব থেকে ক্যারিয়ারের প্রতিটি বাঁকে পাশে থাকা বাবাকে স্মরণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

হোর্হে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘বাবা, তোমার চলে যাওয়াটা এখনও বিশ্বাস করতে পারছি না। বাস্তবতাটা এখনও বুঝে উঠতে পারছি না। আসলে আমি এটা মানতে চাইছি না। তোমাকে আর দেখতে পাব না, আমাদের আর কখনো কথা হবে না এটা কল্পনা করাও আমার জন্য খুব কঠিন।’

বাবার শারীরিক কষ্টের কথা উল্লেখ করে মেসি বলেন, তিনি জানতেন তাঁর বাবা কষ্টে ছিলেন। তবে এত দ্রুত তাঁকে হারাতে হবে, সেটি মেনে নেওয়া কঠিন। মেসির ভাষায়, ‘তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে আরও কত কিছু উপভোগ করার বাকি ছিল।’

মেসির শেষ বিশ্বকাপ খেলার পেছনেও বাবার অনুরোধ ছিল বলে জানিয়েছেন তিনি। মেসি লিখেছেন, ‘তুমি আমাকে শেষ বিশ্বকাপটা খেলার জন্য কত অনুরোধ করেছিলে! আর টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক কয়েক দিন আগেই তোমার শরীর সবচেয়ে বেশি খারাপ হয়ে গেল।’

বাবা সুস্থ হয়ে বিশ্বকাপের ম্যাচ দেখতে মাঠে আসবেন এমন আশাও করেছিলেন মেসি। তিনি বলেন, তাঁর মা বারবার আশ্বস্ত করতেন যে হোর্হে মেসি সুস্থ হয়ে উঠবেন এবং খেলা দেখতে যেতে পারবেন।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের পর বাবার বার্তার অপেক্ষায় থাকতেন মেসি। তিনি লিখেছেন, ‘আমরা ফাইনালে পৌঁছালাম, কিন্তু তুমি আসতে পারলে না। আমি কাপটা জিততে চেয়েছিলাম, যাতে তোমার কাছে নিয়ে গিয়ে নতুন একটা ট্রফি দেখাতে পারি। কিন্তু পারলাম না।’

বাবাকে হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন মেসি। তাঁর ভাষায়, ‘তোমাকে ছাড়া আমি কী করব জানি না, কীভাবে সামনে এগোবো বুঝতে পারছি না। আমি তো শুধু ফুটবলটাই খেলতে জানতাম, আর এখন আমার নিজের মনেই বড় সংশয় জাগছে যে আমি আর কতদিন খেলাটা চালিয়ে যেতে পারব।’

হোর্হে মেসি শুধু তাঁর বাবা ছিলেন না, মেসির কাছে ছিলেন সেরা বন্ধু ও প্রতিনিধি। বাবার ভূমিকার কথা স্মরণ করে মেসি লিখেছেন, ‘তুমি একাধারে আমার বাবা, সেরা বন্ধু এবং প্রতিনিধি ছিলে। প্রতিটি মুহূর্তে যেভাবে পাশে থাকা দরকার, তুমি ঠিক সেভাবেই থাকতে।’

বার্তার শেষ দিকে বাবার প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। তিনি লিখেছেন, ‘তোমাকে অনেক অনেক মিস করব বাবা, তবে তুমি সবসময় আমাদের মাঝে থাকবে। শান্তিতে ঘুমাও বাবা, আর ওপর থেকে আমাদের সেভাবেই আগলে রেখো, যেমনটা এখানে থাকতে করতে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ।’

শেষে মেসির আবেগঘন উচ্চারণ ‘তোমাকে অনেক ভালোবাসি, বাবা।’