মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/০৩/২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ /
মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
54

অনলাইন ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতি গুরুতর চাপে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, যুদ্ধ বিস্তৃত হলে জ্বালানি বাজার, আমদানি ব্যয় ও বৈদেশিক মুদ্রা প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে, যা উন্নয়নশীল দেশের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

বুধবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, চলমান সংঘাতে ইতোমধ্যে দুইজন বাংলাদেশি নিহত ও সাতজন আহত হয়েছেন। পরিস্থিতি দীর্ঘ হলে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমাদের মতো দেশের পক্ষে দীর্ঘস্থায়ী যুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়া বহন করা দুঃসাধ্য। তাই যত দ্রুত সম্ভব কূটনৈতিক উদ্যোগ ও আলোচনার মাধ্যমে এ সংকট নিরসনের চেষ্টা করা প্রয়োজন।”

বৈঠকে বাণিজ্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিরা নির্বাচনের আগেই দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। “এমন নয় যে কোনো কিছু গোপনে করা হয়েছে,” বলেন তিনি।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রসঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রক্রিয়াটি যেন সহজ ও সম্মানজনকভাবে সম্পন্ন হয় সে বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দিয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে পররাষ্ট্র কার্যক্রম পরিচালনা করছে এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।

এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।