বিদায়ের আবেগে আকাশি-সাদা শিবির


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/০৯/২০২৫, ১০:১৯ অপরাহ্ণ /
বিদায়ের আবেগে আকাশি-সাদা শিবির
87

ক্রীড়া ডেস্ক:

আর্জেন্টিনার মাটিতে শেষবারের মতো মাঠে নামছেন ফুটবল সম্রাট আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরেকটি আবেগঘন অধ্যায়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে বুয়েনস আইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামবেন লিওনেল মেসি। এটাই হতে যাচ্ছে আর্জেন্টিনার মাটিতে তার শেষ অফিসিয়াল ম্যাচ।

২০০৫ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর টানা দুই দশক ধরে আকাশি-সাদা জার্সির প্রাণভোমরা ছিলেন মেসি। এখন পর্যন্ত ১৯৩ ম্যাচে করেছেন ১১২ গোল। জিতেছেন দুটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ এবং একটি অলিম্পিক স্বর্ণপদক। ডিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টাইন ফুটবলকে যে উচ্চতায় তুলে ধরেছেন, তা এক কথায় অনন্য। ফলে শেষ ম্যাচকে ঘিরে পুরো আর্জেন্টিনা এখন আবেগে ভাসছে।

মেসির হৃদয়ের কথা

বিদায়ী ম্যাচকে সামনে রেখে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন লিওনেল মেসি—
“এই ম্যাচটা আমার জন্য ভীষণ বিশেষ। কারণ এটি আর্জেন্টিনার মাটিতে আমার শেষ বাছাইপর্বের খেলা। জানি না এরপর আর জাতীয় দলে খেলব কি না। তাই এবার পরিবারের সবাই থাকবে গ্যালারিতে- স্ত্রী, সন্তান, মা-বাবা, ভাই-বোন। আমরা একসঙ্গে মুহূর্তটা উপভোগ করব। এরপর কী হবে, সেটি সময় বলে দেবে।”

কোচ স্কালোনির শ্রদ্ধা

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, “যতদিন মেসি খেলবেন, ততদিন তাকে উপভোগ করতে হবে। আর্জেন্টিনাকে একদিন মেসি ছাড়া খেলতে হবে, কিন্তু সেই মুহূর্ত এখনো আসেনি।”

বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে তারা। বাছাইয়ের শেষ ম্যাচে ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে একই দিনে মাঠে নামবে ব্রাজিলও। চিলির বিপক্ষে জিততে পারলেই নিশ্চিত হয়ে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের টিকিট।

কিন্তু আর্জেন্টাইন ভক্তদের জন্য শুক্রবারের ম্যাচ শুধু আরেকটি খেলা নয়- এটি এক মহাতারকার বিদায়বেলায় আবেগে ভেসে ওঠার দিন। ঘরের মাঠেই মেসিকে বিদায় জানাবে সমর্থকেরা, ইতিহাসের এক অনন্য মুহূর্ত হয়ে থাকবে সেই ম্যাচ।