নেত্রকোনায় মারধরে কৃষক নিহত, জড়িতদের খোঁজে পুলিশ


Rastrerkotha প্রকাশের সময় : ০৬/১০/২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ /
নেত্রকোনায় মারধরে কৃষক নিহত, জড়িতদের খোঁজে পুলিশ
3

নেত্রকোনা সংবাদদাতা:

নেত্রকোনার মদন উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হারুন চৌধুরী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুন তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।

সোমবার (৬ অক্টোবর) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকের খোঁজে রাতে রুদ্রশ্রী গ্রামে যান কৃষক হারুন চৌধুরী। সেখানে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহাবুদ্দিন ও তার সহযোগীরা মিলে তাকে মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. তায়েব হোসেন বলেন, “নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।”

মদন থানার ওসি মো. শামসুল শাহ জানান, “এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে নেমেছে।”