নিখুঁত জাল নোটে বাজার কাঁপানোর চেষ্টা, নালিতাবাড়ীতে যুবক আটক


Rastrerkotha প্রকাশের সময় : ০৯/১১/২০২৫, ৫:১৪ অপরাহ্ণ /
নিখুঁত জাল নোটে বাজার কাঁপানোর চেষ্টা, নালিতাবাড়ীতে যুবক আটক
42

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতাঃ

শেরপুরের নালিতাবাড়ীতে বাজারে ছড়িয়ে দেওয়ার আগে ধরা পড়ল নিখুঁতভাবে তৈরি জাল নোট।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার এলাকায় অভিযান চালিয়ে ২১টি এক হাজার টাকার নকল নোটসহ মেহেদী হাসান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মেহেদী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি বিশেষ টিম শনিবার রাতে আমবাগান বাজার এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মেহেদীর দুই সহযোগী পালিয়ে গেলেও মেহেদী ধরা পড়ে। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ২১টি এক হাজার টাকার জাল নোট, যেগুলো দেখলে আসল-নকল আলাদা করা প্রায় অসম্ভব।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “উদ্ধার করা জাল নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি। ধারণা করছি, সীমান্তবর্তী এলাকা দিয়ে এগুলো বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। পলাতক সহযোগীদের ধরতে অভিযান চলছে।”

পুলিশ জানিয়েছে, সীমান্তঘেঁষা এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি জাল নোট চক্র সক্রিয়। আসল নোটের মতো দেখতে হওয়ায় এসব নকল টাকা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।