
নিজস্ব সংবাদদাতাঃ
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এ নিয়োগ দেওয়া হলো।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি আগামী ২৮ ডিসেম্বর প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের আগে শপথ নেবেন।
সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তার উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে থাকেন। যদিও সাধারণত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারকদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়, মাঝে মাঝে জ্যেষ্ঠতা ভেঙেও নিয়োগের নজির রয়েছে। বর্তমানে আপিল বিভাগে সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। তার পরের অবস্থানে ছিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তার পদটি স্থায়ী করা হয়। পরে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি সম্পন্ন করার পর তিনি যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরও একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
আপনার মতামত লিখুন :