সীমান্তে চোরাকারবারীদের কৌশল ভেস্তে দিল বিজিবি, উদ্ধার অর্ধকোটি টাকার মালামাল


Rastrerkotha প্রকাশের সময় : ২৩/১০/২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ /
সীমান্তে চোরাকারবারীদের কৌশল ভেস্তে দিল বিজিবি, উদ্ধার অর্ধকোটি টাকার মালামাল
57

 শেরপুর ও ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিশেষ অভিযানে ৩৯ বিজিবি ব্যাটালিয়ন চোরাকারবারীদের কৌশল ভেস্তে দিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ও ২৩ অক্টোবর হালুয়াঘাট উপজেলার আউলাদের মোড় এবং শেরপুর জেলার নালিতাবাড়ী ও বরুঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাকারবারীরা অভিনব কৌশলে যানবাহনযোগে ভারতীয় মদ, জিলেট ব্লেড ও পন্ডস বিউটি ক্রিম পাচারের চেষ্টা করছিল।

বিজিবির তৎপরতায় ১টি ব্যাটারি চালিত ইজিবাইক ও ১টি টয়োটা প্রাইভেটকারসহ ৪৩৯ বোতল ভারতীয় মদ, ৮৬,৪০০ পিস জিলেট ব্লেড এবং ৭৫ পিস পন্ডস বিউটি ক্রিম জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, “সীমান্তে মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে এবং অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানিয়েছে, অভিযানে জড়িত চোরাকারবারীদের শনাক্তকল্পে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।