সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে উত্তাপ, বিরোধী দলের ওয়াকআউট


Rastrerkotha প্রকাশের সময় : ০১/০৪/২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ /
সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে উত্তাপ, বিরোধী দলের ওয়াকআউট
55

নিজস্ব সংবাদদাতাঃ

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সিদ্ধান্তহীনতায় উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। দীর্ঘ আলোচনার পরও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় প্রতিবাদ জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের সংসদ সদস্যরা।

বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে এ ঘটনা ঘটে। এ সময় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলীয় সদস্যরা ক্ষোভ প্রকাশ করে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

সংসদে এদিন সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়া ও অধিবেশন আহ্বান নিয়ে দীর্ঘ সময় আলোচনা চললেও কার্যকর কোনো অগ্রগতি না হওয়ায় বিরোধী জোট অসন্তোষ প্রকাশ করে। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই জাতীয় ইস্যুতে সরকার স্পষ্ট অবস্থান নিতে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করেও ওয়াকআউট করেছিলেন বিরোধী সদস্যরা। তবে চলমান অধিবেশনে নির্দিষ্ট কোনো ইস্যুকে কেন্দ্র করে এটিই প্রথম ওয়াকআউট।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংবিধান সংস্কার ইস্যুতে এমন অচলাবস্থা ভবিষ্যতে সংসদের কার্যক্রমে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে।