র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে শেরপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/০৯/২০২৫, ৮:২৪ অপরাহ্ণ /
র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে শেরপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
8

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:

শেরপুরে র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৩৬ বোতল বিদেশী মদ, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড খোয়ারপাড় সংলগ্ন মিনহা স্টোরের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় বকশীগঞ্জ থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশি চালালে গাজীপুর জেলার সোহেল রানা (৩৫), দিনাজপুর জেলার সুমি আক্তার (২৮) ও বৃষ্টি আক্তার (২৮) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৯ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

অন্যদিকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড গৌরিপুর এলাকায় তাহফিজুল কুরআন মাদ্রাসার সামনে আরেকটি অভিযান চালায় র‌্যাব। এ সময় জেলার রেজাউল মিয়া (৪০), জহির মিয়া (৩২) ও মামুন শেখ (৩৫) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।