রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে ৩০ ঘণ্টা পর দুই বছরের শিশু সাজিদের জীবনরক্ষা


Rastrerkotha প্রকাশের সময় : ১১/১২/২০২৫, ১০:৩১ অপরাহ্ণ /
রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে ৩০ ঘণ্টা পর দুই বছরের শিশু সাজিদের জীবনরক্ষা
100

আবুল হাশেম রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের সরু গর্তে পড়ে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে অবশেষে ৩০ ঘণ্টা অবিরাম উদ্ধারচেষ্টার পর জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪২ ফুট গভীরে খনন করে শিশুটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পরই শিশুটিকে জরুরি চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

বুধবার দুপুর ২টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামের বাড়ির পাশে মা’র সঙ্গে খেলছিল ছোট্ট সাজিদ। হঠাৎ অসাবধানতাবশত বাড়ির পাশের গভীর নলকূপের খোলা মুখ দিয়ে নিচে পড়ে যায় সে। মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরাও এতে যুক্ত হন। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের মোট ৮টি ফায়ার সার্ভিস ইউনিট টানা রাতদিন খনন কাজ চালিয়ে যায়। পাশাপাশি উদ্ধার কাজে ব্যবহৃত হয় ভেকু মেশিনসহ আধুনিক উদ্ধার সরঞ্জাম।

দীর্ঘসময় ধরে খনন ও পর্যবেক্ষণের পর অবশেষে উদ্ধারকর্মীরা জীবিত অবস্থায় সাজিদকে উদ্ধার করতে সক্ষম হন। ঘটনাস্থলে হাজারো মানুষের ভিড় এবং শিশুটিকে ঘিরে উদগ্রীব অপেক্ষা চোখে পড়ে।

স্থানীয়রা শিশুটির সুস্থতার জন্য প্রার্থনা করার পাশাপাশি উদ্ধারকারীদের ধৈর্য ও মানবিক প্রচেষ্টার প্রশংসা করেছেন।