রাজনৈতিক হাতিয়ার নয়, উন্নয়নের প্রতীক হবে তিস্তা: আসিফ মাহমুদ 


Rastrerkotha প্রকাশের সময় : ০৫/১১/২০২৫, ২:০৭ অপরাহ্ণ /
রাজনৈতিক হাতিয়ার নয়, উন্নয়নের প্রতীক হবে তিস্তা: আসিফ মাহমুদ 
13

নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণ তিস্তা নদীকে ঘিরেই লাখো মানুষের জীবন ও জীবিকা গড়ে উঠেছে। কৃষি, মৎস্য, নৌযানসহ বিভিন্ন খাত সরাসরি এই নদীর ওপর নির্ভরশীল। কিন্তু প্রতিবছর নদীভাঙন ও আকস্মিক প্লাবনে ক্ষতিগ্রস্ত হয় নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মানুষ। এতে প্রতি বছর প্রায় এক লাখ কোটি টাকারও বেশি সম্পদের ক্ষতি হয় বলে জানা গেছে।

২০১৪ সাল থেকে প্রতিবেশী রাষ্ট্র ভারত শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রত্যাহার করে নেওয়ায় দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। অন্যদিকে বর্ষাকালে হঠাৎ সব কপাট খুলে দেওয়ায় তিন থেকে চার লাখ ঘনফুট পানির প্রবাহে মুহূর্তেই তলিয়ে যায় জনপদ। কৃষি ফসলের ক্ষতি, ঘরবাড়ি হারানো মানুষ এবং জীবিকার অনিশ্চয়তা এখন নিত্যদিনের বাস্তবতা।

এই প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইঁয়া বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে আগামী জানুয়ারিতে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। আমরা চাই তিস্তা হোক রাজনৈতিক টানাপোড়েনের নয়, বরং উত্তরবঙ্গের উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক।”

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন রোধ, সেচব্যবস্থা উন্নয়ন ও নদীপথে নৌযান চলাচল পুনরায় শুরু হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষিভিত্তিক অর্থনীতি নতুন প্রাণ পাবে।

স্থানীয়দের প্রত্যাশা এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিস্তা আর হবে না দুঃখের প্রতীক, বরং উত্তরবঙ্গের সমৃদ্ধির প্রতীক হয়ে উঠবে।