বিএনপি কার্যালয়ে হামলা মামলায় ফের গ্রেফতার আ. লীগ নেতা ফারুক


Rastrerkotha প্রকাশের সময় : ১৪/১০/২০২৫, ৪:৩১ অপরাহ্ণ /
বিএনপি কার্যালয়ে হামলা মামলায় ফের গ্রেফতার আ. লীগ নেতা ফারুক
11

আশরাফুল ইসলাম, গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক শহীদুল্লাহেল কবির ফারুক (৫০)-কে ফের গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৩ অক্টোবর (সোমবার) রাতে গাইবান্ধা পৌর শহরের জেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার।

পুলিশ সূত্রে জানা যায়, ফারুক সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের সাবেক বিডিআর সদস্য মোশাররফ হোসেন নওশার ছেলে।

ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গত ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ফারুকের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। ঐ মামলায় তিনি আগেও গ্রেফতার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান।

তিনি আরও জানান, জামিনে মুক্তির পর থেকে ফারুক প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য আসে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, “ফারুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হবে।”

এর আগে ২০২৪ সালের ২২ ডিসেম্বর গাইবান্ধা শহরের পলাশপাড়া এলাকার ভাড়া বাসা থেকে একই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।