বগুড়াসহ তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ


Rastrerkotha প্রকাশের সময় : ০৮/০৮/২০২৫, ৬:২১ অপরাহ্ণ /
বগুড়াসহ তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ
89

ক্রীড়া ডেস্কঃ

আসন্ন এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচগুলো বগুড়া, রাজশাহী ও সিলেট—এই তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, উপযুক্ত ভেন্যু নির্ধারণ নিয়ে বিসিবির দীর্ঘ আলোচনার পর এই তিনটি শহরকে বেছে নেওয়া হয়েছে “আমাদের একই জায়গায় দুটি মাঠ প্রয়োজন ছিল, যা পাওয়া কঠিন ছিল। শেষ পর্যন্ত রাজশাহী, সিলেট ও বগুড়াকে নির্বাচন করা হয়েছে,” — বলেন আকরাম খান।

গত বছর প্রথমবারের মতো এনসিএল টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয় শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে, যার একমাত্র ভেন্যু ছিল সিলেট। তরুণদের মেলে ধরার সুযোগ থাকায় আয়োজনটি প্রশংসিত হয়।

এ বছর টুর্নামেন্টকে আরও বিস্তৃত করার লক্ষ্যে নতুন ভেন্যু যুক্ত করেছে বিসিবি। আকরাম খান জানান, “বগুড়া ও রাজশাহীর দীর্ঘদিনের চাহিদা ছিল বড় টুর্নামেন্ট আয়োজনের। রাজশাহীতে অনেক ক্রিকেটপ্রেমী আছে এবং এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে।”

গ্রুপ পর্বের ম্যাচগুলো দিনের আলোয় অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয়। “সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দিবা-রাত্রির হবে এবং তা সিলেটেই আয়োজন করা হবে,”—যোগ করেন আকরাম খান।

বিসিবির এই পদক্ষেপকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরোয়া ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রতিভা বিকাশের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।