পুকুর নিয়ে দ্বন্দ্বে তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে হামলার ঘটনা


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/১০/২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ /
পুকুর নিয়ে দ্বন্দ্বে তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে হামলার ঘটনা
59

টাঙ্গাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর রেলস্টেশনের পাশে তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর পুকুরে মাছ চাষ নিয়ে দুই গ্রামের বিরোধ নিষ্পত্তির বৈঠকের একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হেমনগর রেলস্টেশনের পাশে রেলওয়ের জমিতে খনন করা একটি পুকুরে দীর্ঘদিন ধরে উদ্যমপুর বর্ণী গ্রামের কিছু ব্যক্তি মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি ভোলারপাড়া গ্রামের কয়েকজন ওই পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়েন। এ নিয়ে সমাধানের জন্য শুক্রবার পুকুর সংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে বৈঠক বসে।

বৈঠকের একপর্যায়ে কথা কাটাকাটির জেরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দা, কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা চালায়। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের ছবি সংবলিত ব্যানার, সাইনবোর্ড ও টিনের বেড়া ভাঙচুর করে।

এ সময় স্থানীয়রা বাধা দিলে অন্তত চারজন আহত হন। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হেমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, “রেললাইনের পাশের পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সমস্যা তৈরি হয়। আমরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করছিলাম। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক উপস্থিত না থাকায় পরবর্তী সোমবার পুনরায় বৈঠকের তারিখ ঠিক করে চলে আসি। পরে জানতে পারি সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।”

এ বিষয়ে হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার বলেন, “দুষ্কৃতিকারীরা তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয় ভেঙেছে। এখানে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নেই, তবে ব্যক্তিগত বা স্থানীয় ‘খাওয়া-দাওয়া’ গ্রুপের ঝামেলা থাকতে পারে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।”