পিআর পদ্ধতি বাস্তবায়নে পেশাজীবীদের ঐক্য জোরদারে জামায়াতের মতবিনিময় সভা


Rastrerkotha প্রকাশের সময় : ১০/১০/২০২৫, ১২:১২ পূর্বাহ্ণ /
পিআর পদ্ধতি বাস্তবায়নে পেশাজীবীদের ঐক্য জোরদারে জামায়াতের মতবিনিময় সভা
43

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার:

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে “এক ভয় পাবো না দাপটে – জবাব দিবো ব্যালটে” এ প্রতিপাদ্য নিয়ে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও পেশাজীবীদের ঐক্য জোরদারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আইডিয়াল কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি উমর ফারুক এমএসসি এবং সঞ্চালনা করেন আব্দুর রাজ্জাক রিংকু।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার নায়েবে আমীর ড. খায়রুল আনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-০৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, জেলা শূরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা আমীর মোকলেছুর রহমান মাষ্টার, উপজেলা নায়েবে আমীর ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান ও সহকারী সেক্রেটারি প্রভাষক এ.এম. মুজাহিদ মাসুম প্রমুখ।

সভায় শিক্ষক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসন ও ন্যায্য গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতির নির্বাচন এখন সময়ের দাবি। তারা উল্লেখ করেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হবে এবং ভোটের মূল্য সংরক্ষিত থাকবে।

নেতৃবৃন্দ বলেন, দেশে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পেশাজীবী সমাজকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে নৈতিক, আদর্শনিষ্ঠ ও দক্ষ নেতৃত্বের বিকল্প নেই।

আলোচনায় পাঁচ দফা পিআর পদ্ধতির বাস্তবায়ন ও জাতীয় সনদের আলোকে নির্বাচন আয়োজনের প্রস্তাবের ওপর বিস্তারিত মতবিনিময় হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ পদ্ধতি চালু হলে দেশের রাজনীতিতে ন্যায়, ভারসাম্য ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

সভা শেষে পেশাজীবী সমাজের পক্ষ থেকে জাতীয় ঐক্য ও আদর্শিক রাজনীতির ধারা জোরদারে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।