দেলদুয়ারে প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে দীর্ঘ জট; সমাধানে উপজেলা প্রশাসন


Rastrerkotha প্রকাশের সময় : ১৬/১১/২০২৫, ১২:৪১ পূর্বাহ্ণ /
দেলদুয়ারে প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে দীর্ঘ জট; সমাধানে উপজেলা প্রশাসন
85

মনির হাসান, টাঙ্গাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে চলমান জটিলতা অবশেষে সমাধানের পথে এগোচ্ছে। বিদ্যালয়টি লাউহাটি মৌজার বিআরএস ৪২১০ নং দাগে অবস্থিত এবং লাউহাটি হাটের পেরিফেরীর পাশে হওয়ায় বছরের পর বছর ধরে সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে জানা যায়, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাইরে থাকা কয়েক শতাংশ জমি দীর্ঘদিন ধরে হাটের অংশ হিসেবে ব্যবহার হয়ে আসছে। স্থানীয় লোকজনের চলাচলের পথ হিসেবেও ব্যবহৃত হওয়ায় স্কুলের জমি কার্যত দখল হয়ে পড়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও প্রশাসন এর আগে একাধিকবার উদ্যোগ নিলেও স্থায়ী সমাধান হয়নি।

ইতোমধ্যে লাউহাটি হাটের পেরিফেরী নকশা জেলা প্রশাসক অনুমোদন করলেও বিদ্যালয়ের প্রায় ২৪ শতাংশ জমির সীমানা নিয়ে জটিলতা থেকেই গেছে, যার কারণে স্কুলের অবকাঠামো উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে। এর আগে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সীমানা নির্ধারণ করলেও হাট ইজারাদারদের আপত্তির কারণে সীমানা প্রাচীর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম বিদ্যালয়ের নির্মাণাধীন অংশ, প্রধান শিক্ষকের অফিস কক্ষ ও ওয়াশব্লকের কাজসহ আশপাশের এলাকা সরেজমিন পরিদর্শন করেন। একই সঙ্গে হাটের ড্রেনেজ নির্মাণকাজও পর্যবেক্ষণ করা হয়।

পরে স্কুল কর্তৃপক্ষ, হাট কমিটি ও ইজারাদারদের নিয়ে বৈঠকে উভয় পক্ষের দাবি–আপত্তি শোনা হয়। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সার্ভেয়ার ও লোকাল আমিনের সমন্বয়ে নির্দিষ্ট তারিখে পুনরায় সীমানা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হলে বহুদিনের এই জটিলতার স্থায়ী সমাধান হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নকাজও বাধাহীনভাবে এগিয়ে যাবে।

মো. মনির হাসান
টাঙ্গাইল প্রতিনিধি